কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাহিমা আক্তার, তার স্বামী আনোয়ার হোসেন শাহিন ও আট বছরের ভাগনি হাফসা রাজধানীর উত্তর বাড্ডায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন।
পরিবার জানায়, দেড় মাস আগে নতুন বাসায় ওঠেন তারা। গত ২১ জুলাই গভীর রাতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়লে তিনজনই গুরুতর দগ্ধ হন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শাহিন, পরে শিশু হাফসা এবং সর্বশেষ ফাহিমার মৃত্যু হয়। রোববার নিজ এলাকায় জানাজা শেষে ফাহিমাকে স্বামীর পাশেই দাফন করা হয়েছে।
ফাহিমার পরিবারের অভিযোগ, বাসার গ্যাস লিকেজের বিষয়টি আগে থেকেই বাড়ির মালিককে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। তারা এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
দেশ বাংলা টিভি ডেক্স